কুমিল্লায় ‘ভাইয়ের ছুরিকাঘাতে’ ছোট ভাই খুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত হাফেজ আহম্মেদ (৫০) উপজেলার পাইকোটা গ্রামের উত্তর পাড়ার আবদুল মজিদের ছেলে।
শুক্রবার বেলা ১১টার দিকে তাকে হত্যা করা হয় বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গ্রামের একটি চায়ের দোকানে বড় ভাই আব্দুল মালেকের (৬৫) সঙ্গে ছোট ভাই হাফেজ আহম্মেদের (৫০) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে ছোট ভাইয়ের মুখ, পেট ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান মালেক।
এতে ঘটনাস্থলেই হাফেজ আহম্মেদের মৃত্যু হয় বলে জানান ওসি শুভ রঞ্জন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো.আলী হায়দার বলেন, “আব্দুল মালেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য। নিহত হাফেজ কৃষি কাজ করতেন। এর আগে মালেক অনেককে মারধর করেছেন।”
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনি ধরতে পুলিশ চেষ্টা চলছে বলে জানান ওসি।
