দুর্নীতির মামলায় খুলনা জেলা পরিষদের বরখাস্ত প্রধান সহকারী কারাগারে
অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের বরখাস্ত প্রধান সহকারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার খুলনা মহানগর বিশেষ জজ শহিদুল ইসলাম এই আদেশ দেন।
দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, বরখাস্ত মিজানুর রহমান এর আগে দুর্নীতির এই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষে তিনি বৃহস্পতিবার খুলনা মহানগর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছরে মিজানুর রহমান দরপত্র শিডিউল বিক্রি, ইজারার অর্থ আদায় ও অনুমতি না নিয়ে ভ্রমণ ভাতা বাবদ ৪৯ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
এই অভিযোগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেন, টাকা আত্মসাতের ঘটনার তদন্ত শুরু হলে মিজানুর রহমান দুই কিস্তিতে জেলা পরিষদের কোষাগারে ১৩ লাখ টাকা ফেরত দেন।
”এর আগে অর্থ আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ থেকে তাকে বরখাস্ত করা হয়।”
