সিলেটে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক
সিলেটে ‘পারিবারিক কলহের জেরে’ নিজের দেড় বছর বয়সী মেয়েকে বালিশচাপা ও গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে এক নারীর বিরুদ্ধে।
বুধবার বিকালে সিলেট শাহপরাণ এলাকার নিপুবন আবাসিক এলাকায় ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
এই ঘটনায় শিশুটির মা নাজমিন জাহানকে (২৮) আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর বাবা সাব্বির আহমদকেও থানায় আনা হয়।
আটক নাজমিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্টপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি শাহপরাণ থানার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেন।
ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, শিশুটির বাবার বাড়ি দক্ষিণ সুরমার বলদি এলাকায়। তিনি কাতার প্রবাসী। সম্প্রতি তিনি ছুটিতে দেশে এসেছেন। কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না থাকায় স্ত্রী নাজমিন শাহপরাণ এলাকার নিপুবন-৪৯ এ বাসা ভাড়া নিয়ে থাকেন এবং স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেন।
এই ভাড়া বাসায় ওই নারীর সঙ্গে তার ছোট বোন এবং আগের ঘরের [তার আগেও একবার বিয়ে হয়েছিল] এক সন্তান থাকে।
ওসি জানান, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের এক জেরে মেয়ের মুখে বালিশ দিয়ে চাপা দেন তার মা নাজমিন। পরে গলাটিপে ধরেন।
“বিষয়টি দেখতে পেয়ে নাজমিনের বোন শিশুটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান; সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি জানান, এ সময় নাজমিন পালাতে চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, “প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে নাজমিন বালিশচাপা ও গলাটিপে ধরার বিষয়টি স্বীকার করেছেন। থানায় ওই শিশুর বাবাও রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আলী জানান।
