২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল লোক।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 12:41 AM

Updated : 02 Aug 2022, 02:52 PM

সোমবার রাতে ফাঁসিয়াতলা বাজারের কাছে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মানিক সরদার (৫০) ফাঁসিয়াতলা এলাকার আলমগীর সরদারের ছেলে এবং ফাঁসিয়াতলা বাজারের কাপড় ব্যবসায়ী।  

স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, রাত ৮টার দিকে ফাঁসিয়াতলা বাজারের কাছে একদল লোক পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নদীর পাড়ে ফেলে রাখে।

“মানিকের চিৎকারে স্থানীয়রা ও পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, “হাসপাতালে আসার পরে আমরা চেক করে দেখি সে ইতোমধ্যে মারা গেছে।”

নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, “আমার চাচাতো ভাইকে এমন নৃশংসভাবে যারা কুপিয়ে খুন করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ওসি ইশতিয়াক আশফাক রাসেল আরও বলেন, “ফাঁসিয়াতলায় মানিক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনা কে বা কারা কিসের জন্য ঘটিয়েছে সেটি এখনও আমরা স্পষ্ট নই। বিষয়টি নিয়ে কাজ করছি।”

তবে এলাকায় মানিকের সঙ্গে কারো বিরোধ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে, বলেন তিনি।