কোটি টাকা আত্মসাতের অভিযোগ পোস্ট মাস্টার ও পিয়নের বিরুদ্ধে
পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ডাকঘরের পোস্ট মাস্টার ও ডাক পিয়নের বিরুদ্ধে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ দুই কর্মচারী হলেন সাগরকান্দি ডাকঘরের পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মামুন এবং ডাক পিয়ন [পোস্টম্যান] নূর ইসলাম বকুল।
ডাক বিভাগের কর্মকর্তারা জানান, আব্দুল্লাহ আল মামুন ও নূর ইসলাম অভিনব কায়দায় ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর নামে পাশবই তৈরি করে একের পর এক হিসাব নম্বর খুলেছেন। কয়েক বছর মেয়াদী সঞ্চয়ী স্কিম, ডিপিএসসহ নানা কায়দায় গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছেন।
ডাক বিভাগের কর্মকর্তারা সরেজমিনে প্রমাণও পাওয়ার কথাও জানিয়েছেন।
‘প্রতারিতদের’ একজন হলেন সাগরকান্দি গ্রামের মিষ্টি ব্যবসায়ী প্রদীপ কুন্ডু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাস দুয়েক আগে তার দীর্ঘদিনের সঞ্চিত আট লাখ টাকা জমা রাখতে যান গ্রামের সাগরকান্দি পোস্ট অফিসে। পোস্টম্যান নূর ইসলাম বকুল ও পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মামুন তাকে জানান ডাক বিভাগের নতুন সেবা ‘নগদ’, সেখানে টাকা রাখলে পাওয়া যাবে লাখে এক হাজার টাকার মাসিক মুনাফা। তাদের পরামর্শে নূর ইসলামের হাতে টাকা দিয়ে হিসাব খোলেন প্রদীপ। দেওয়া হয় নগদের নামে ছাপা পাশ বই, হিসাব নম্বর।
“এক মাস মুনাফা দেওয়ার পরই লাপাত্তা নূর ইসলাম। রাতারাতি বদলি নিয়ে পালিয়েছেন আব্দুল্লাহ আল মামুনও।”
কেবল প্রদীপ কুন্ডুই নন, সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামের শতাধিক গ্রাহকের প্রায় তিন কোটি টাকা পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মামুন ও পিয়ন নূর ইসলাম বকুল হাতিয়ে নিয়েছেন বলে স্থানীয়দের ভাষ্য।
সরেজমিনে সোমবার সাগরকান্দি পোস্ট অফিসে গিয়ে দেখা যায় – প্রদীপ কুন্ডুর মতো শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ ভিড় করছেন সাগরকান্দি পোস্ট অফিসের বারান্দায়।
নূর ইসলাম বকুল ও আব্দুল্লাহ আল মামুনকে না পেয়ে কেউ ক্ষোভে ফেটে পড়ছেন, কেউবা করছেন বুক ফাটা আর্তনাদ। সারা জীবনের সঞ্চয় হারিয়ে এখন পাগলপ্রায় অবস্থা তাদের।
সাগরকান্দি পূর্বপাড়ার বাসিন্দা আলেয়া বেগম জানান, মেয়ের বিয়ের জন্য তিনি প্রায় দশ বছর ধরে জমানো পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখতে চেয়েছিলেন। কিন্তু পোস্টম্যান আব্দুল্লাহর পরামর্শে তিনি চারমাস আগে নগদের নামে হিসাব খুলে নূর ইসলাম বকুলের কাছে দেন। চার মাসে তাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মুনাফাও দিয়েছে। গত সপ্তাহে মেয়ের বিয়ে ঠিক হলে টাকা তুলতে আসেন তিনি। আব্দুল্লাহ তাকে একদিন পর আসতে বলেন।
তিনি বলেন, “নির্ধারিত দিনে এসে জানতে পারি আব্দুল্লাহ বদলি নিয়ে সাতবাড়িয়া পোস্ট অফিসে চলে গেছেন। খোঁজ নেই নূর ইসলাম বকুলেরও।”
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্য গ্রাহকেরাও। টাকার খোঁজে জেলা পোস্ট অফিসে যোগাযোগ করে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।
প্রদীপ কিংবা আলেয়ার মত প্রতারণার শিকার হয়েছেন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিস মোল্লা, গামেন্টস কর্মী সুজন হোসেন, দিনমজুর রোকেয়া বেগম, মর্জিনা, বুলু খাতুন, রীনা দাস, শিউলী বেগম, হনুফা খাতুনসহ শতাধিক দরিদ্র মানুষ।
প্রতারক নূর ইসলাম ও মামুনের দেওয়া পাশ বই ঘেঁটে দেখা যায়, নগদের নামে পাশবই ছাপালেও অর্থ লেনদেনে সিল দেওয়া হয়েছে নূর ইসলামের মালিকানাধীন ‘পল্লী কুরিয়ার সার্ভিস’-এর নামে। পাশ বইয়ে দেওয়া আছে বারকোড, নগদের লোগো। দেখা বোঝার উপায় নেই এটি ভুয়া।
শিক্ষক ইদ্রিস আলী বলেন, “প্রায় ৪০ বছর আগে থেকে পোস্ট অফিসে লেনদেন করি। ঘুনাক্ষরেও বুঝতে পারিনি তারা প্রতারণা করছে। সরকারি চেয়ারে বসে যারা এমন অন্যায় করেছে তাদের কঠিন শাস্তি চাই।”
চাটমোহর উপজেলায় ছয়তলা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন পিয়ন নূর ইসলাম। সেখানে গিয়েও খোঁজ মেলেনি তার।
এদিকে প্রতারণার অভিযোগ অস্বীকার করলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি পোস্ট মাস্টার আবব্দুল্লাহ আল মামুন।
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমেছে জেলা ডাক বিভাগের কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে তারা প্রমাণ পাওয়ার কথা জানান।
ডাক বিভাগের পাবনা উপবিভাগের পোস্ট অফিস পরিদর্শক শাহীন জুবায়ের হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোস্ট মাস্টার আব্দুল্লাহ ও পিয়ন নূর ইসলাম গর্হিত অপরাধ করেছেন। তারা নগদের নাম লোগো ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। আমরা সরেজমিনে প্রমাণও পেয়েছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্যও আমরা চেষ্টা করব।”
ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আনোয়ার হোসেন বলেন, “তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
