কোভিড: রাজশাহী মেডিকেলে ৪ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত চারজন মারা গেছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।
সকালে শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ ছিল একজনের। তার বাড়ি নাটোরে।
“এছাড়া করোনা উপসর্গ নিয়ে অপর তিনজন মারা গেছেন। তারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।”
এদের দুজন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে এবং দুজন আইসিইউতে ভর্তি ছিলেন বলে তিনি জানান।
শামীম ইয়াজদানী আরও জানান, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এদের মধ্যে ৩৯ জনের করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয় জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় জন রোগী।
তিনি বলেন, সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৬৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৫ জনের পজেটিভ এসেছে। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৫২ দশমিক ২৬ শতাংশ।
