চৌদ্দ বছর আগে নবজাতক হত্যা, নারীর যাবজ্জীবন
ফেনীতে চৌদ্দ বছর আগে এক নবজাতককে হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সোমবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মো. মোশাররফ ইউছুপ রায় ঘোষণা করেন।
দণ্ডিত হনুফা বেগম (৪৩) কুমিল্লার লাকসাম উপজেলার মিজিয়া পাড়ার বাসিন্দা। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রায়ন প্রকল্পে বসবাস করতেন।
প্রতীকী ছবি
রায় ঘোষণার সময় দণ্ডিত এই নারী আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক জানান, ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর আশ্রায়ন প্রকল্পের পাশে একটি নবজাতক ছেলের লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়। স্থানীয় ধর্মপুর ইউপি চেয়ারম্যানের কাছে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। ফেনী সদর হাসপাতালে মর্গে মরদেহের ময়নাতদন্ত হয়।
রাজেন্দ্র কুমার মামলার বরাতে জানান, পরে ডিএনএ পরীক্ষায় এই নবজাতক হনুফার বলেই প্রমাণ হয়। স্বামী পরিত্যক্তা এই নারী লোকলজ্জার ভয়ে নবজাতককে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটি চাপা দেন বলে স্বীকার করেন।
২০০৮ সালের ৩ মার্চ ফেনী থানার এসআই জাহাঙ্গীর উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার তৎকালীন এসআই রাশেদ খান চৌধুরী হনুফা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেন।
রাজেন্দ্র কুমার ভৌমিক আরও জানান, আসামি হনুফা বেগম জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তিনি যখন গ্রেপ্তার হবেন বা আত্মসমর্পণ করবেন তখন থেকে সাজা কার্যকর হবে।
