২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর বাদাম এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 04:18 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ সড়কে ‘সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেড’ কারখানার শ্রমিকরা সোমবার সকালে এ বিক্ষোভ করে। এ সময় প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান।

ওসি বলেন, “কারাখানার প্রায় ৮’শ শ্রমিক ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টার দিকে কারখানায় কর্মবিরতি শুরু করে। পরে তারা নৌকায় করে তুরাগ নদী পার হয়ে সকাল সাড়ে ৯টায় টঙ্গী-আশুলিয়া ধওর ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে।

“খবর পেয়ে ১০/১৫ জনের একটি প্রতিনিধি দল গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ফেরত আনে। পরে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়। আলোচনায় বকেয়া বেতন পাওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে সরে যায়।”

এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানার প্রায় ৮শ' শ্রমিকের ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার ওই বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা করেনি। তাই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। আজকের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।