২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনে একটি বাঘ মারা গেছে, যার মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2022, 07:20 PM

Updated : 28 Apr 2022, 11:33 PM

‘রুগ্ণ’ বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে বলে ধারণা করলেও প্রকৃত কারণ বলতে পারেননি বনকর্মীরা।

সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে দুবলার চর এলাকার টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সে সময় তারা ফাঁড়ি সংলগ্ন রুপার খাল এলাকায় চরে বাঘটিকে মৃত দেখতে পান।

“দুই-এক দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঘটি রোগাক্রান্ত। বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘ সাধারণত ১৫-২০ বছর বাঁচে। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মাথা সংগ্রহ করে ঢাকায় বন্যপ্রাণী পরীক্ষাগারে পাঠানো হচ্ছে বলে জানান ওই বন কর্মকর্তা।