২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, সিরাজগঞ্জে গ্রেপ্তার ২

ঢাকার সাংবাদিক পরিচয়ে সিরাজগঞ্জে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2022, 05:56 PM

Updated : 02 Aug 2022, 02:43 PM

রোববার রাতে সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন শহরের হোসেনপুর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেন ভূইয়ার ছেলে আবু শামীম মো. শাহরিয়ার আনোয়ার ওরফে ফিরোজ (৪৭) ও মালসাপাড়া চান্দু আলী মোড়ের কামরুল হাসানের ছেলে জুবায়ের হাসান (৩২)।

সংবাদ সন্মেলনে নুর আলম সিদ্দিকী বলেন, গত ৭ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি এই ৭দিনে প্রতারকরা ঢাকায় টিভি ও পত্রিকায় কর্মরত বিশিষ্ট সাংবাদিকদের নাম-পরিচয় ব্যবহার করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসানের কাছে ধর্ম সভা ও মসজিদ-মাদ্রাসার উন্নয়নকল্পে সহযোগিতা চান।

“তিনিও সরল বিশ্বাসে পৃথক পৃথক বিকাশ নম্বরের মাধ্যমে ৭৫ হাজার টাকা প্রদান করেন। তারপরও টাকা দাবি অব্যাহত থাকলে বিষয়টিতে তার সন্দেহ হয়।”

নুর আলম বলেন, এরপর আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী আব্দুল আলিম লিমন ১৯ জানুয়ারি সদর থানায় জিডি করেন। ডিবি পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতারকদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ১৪ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ও বিকাশ সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় একাধিক প্রতারণা মামলা রয়েছে বলেও তিনি জানান।