নওগাঁয় বাইকে ট্রাকের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪
নওগাঁর ধামইরহাট উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আহত দুইজনেরও মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের মধ্যে তারা মারা যান বলে ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান।
নিহতরা হলেন উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সজল হোসেন ও একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে মিনহাজ উদ্দিন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে চার সবজি বিক্রেতা বেচাকেনা শেষে এক মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। উপজেলার হরতকীডাঙ্গা এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সুফিয়ান (১৮) ও সালাম (৩০) নামে দুইজন মারা যান।
তাছাড়া দুর্ঘটনায় আহত হন সজল ও জুয়েল। তাদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। রাজশাহী নেওয়ার পথেই রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যে তারা মারা যান।
ওসি রাকিবুল বলেন, পুলিশ ট্রাকটি স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
