২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর কোতোয়ালি থানার ভিকটিম সার্পোট সেন্টারে তরুণীর মৃত্যু, পুলিশ বলছে, আত্মহত্যা

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে এক তরুণীর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2022, 02:00 PM

Updated : 28 Apr 2022, 11:31 PM

রোববার দুপুরে সাপোর্ট সেন্টারের ভেতর থেকে রুহি নামের ১৯ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়; যিনি আত্মহত্যা করেছেন বলে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি  আব্দুর রশিদের ভাষ্য।

রুহি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড থানার হরিয়ারঘাট গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, রুহির সঙ্গে রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাহারকাছনা রাম গোবিন্দমোড় এলাকার আকাশ নামে এক ছেলের প্রেমের সম্পর্ক হয়। গত বছরের মার্চে মেয়েটি ঝিনাইদহ থেকে আকাশের সঙ্গে দেখা করতে রংপুর আসেন।

ছেলের পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে রুহিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায় এবং পরে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

ওসি বলেন, “এরপর গত শনিবার (২২ জানুয়ারি) আবারও মেয়েটি আকাশের সঙ্গে দেখা করতে আসেন। এক পর্যায়ে আকাশের মোবাইল ফোন বন্ধ পেয়ে সে এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন মেয়েটি।

“শনিবার রাত সাড়ে তিনটার দিকে হারাগাছ থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। সেখানে থাকা অবস্থায় রোববার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে রুহি আত্মহত্যা করে।”

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, রুহি নামের ওই তরুণী আত্মহত্যা করেছেন। তার স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। ‌‌তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।