গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ‘যৌন হয়রানির’ অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা।
কৃষি বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক এইচ এম আনিসুজ্জামানের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে জমা দেওয়া ওই লিখিত অভিযোগে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃষি বিভাগের শিক্ষক আনিসুজ্জামানের ব্যাপারে শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ গ্রহণ করেছি। অভিযোগে তার অব্যাহতি চাওয়া হয়েছে।
“নিয়ম অনুযায়ী আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব। সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের বিষয়ে কথা বলতে সহকারী অধ্যাপক আনিসুজ্জামানকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
কৃষি বিভাগের একজন শিক্ষার্থী বলেন, সম্প্রতি তাদের বিভাগের এক ছাত্রীর সঙ্গে শিক্ষক আনিসুজ্জামানের কথাবার্তার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।
“ওখানে স্যার নানা অশ্লীল কথাবার্তা বলেন। কুপ্রস্তাব দেন। এর জের ধরেই লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”
লিখিত অভিযোগে বলা হয়েছে, “আনিসুজ্জামান কয়েক বছর ধরে বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার নম্বরপত্রে গড়মিল করা, উত্তরপত্রে ইচ্ছামাফিক নম্বর বসানো, শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করানোর হুমকিসহ হিসাব-নিকাশে অসমতার ঘটনা তৈরি করেছেন।
“সর্বশেষ বিভাগের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানির বিষয় উঠে এসেছে। ফলে বিতর্কিত শিক্ষক ও বিভাগীয় প্রধানের অধীনে শিক্ষার্থীরা সকল প্রকার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মনস্থির করেছে।”
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জরুরি ভিত্তিতে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ড. মো. মোজাহার আলী বলেন, “যে কোনো শিক্ষকের অব্যাহতির বিষয়টি নিয়ে রিজেন্ট বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই শিক্ষকের পরীক্ষাবিষয়ক অনিয়মের বিষয়টি সত্য। পরে তা শিক্ষকদের সম্মতিতে সংশোধনও করা হয়েছে।”
