২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মাঠে মাঠে বোরো আবাদের ব্যস্ততা

অনুকূল আবহাওয়া, সেচ আর সার-বীজের যোগান পেয়ে নেত্রকোণার ১০ উপজেলায় মাঠ মাঠে জোরকদমে চলছে বোরো ধান আবাদের কর্মযজ্ঞ।

লাভলু পাল চৌধুরী

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2022, 01:53 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

প্রতিদিন ভোর থেকে শুরু করে সারাদিন কৃষকের ব্যস্ত সময় যাচ্ছে বছরের প্রধান এই অর্থকরী ফসল বপনের কাজে; আর রাত জেগে ক্ষেতে ক্ষেতে দিতে হচ্ছে সেচ।

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী বলেন, বোরো আবাদে এখন কৃষক ব্যস্ত। জেলার ৬০ হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে হাইব্রিড ও উফশি জাতের ১৮০ মেট্রিক টন বীজ ধানসহ ৪০০ টন ডিএপি এবং পটাশ সার বিতরণ করা হয়েছে।

জেলায় এবার হাইব্রিড, উফশি ও স্থানীয় জাত মিলিয়ে এক লাখ ৮৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে এক লাখ ৪৯ হাজার ৭২০ হেক্টর উফশি, ৩৪ হাজার ৫৮৫ হেক্টরে হাইব্রিড ও ২৭০ হেক্টরে স্থানীয় জাত রয়েছে।

মোবারক আলী শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরই মাঝে ৫৩ হাজার ৭৫৫ হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। আবাদের ৩৮ হাজার ৩১৫ হেক্টরে উফশি, ১৫ হাজার ৩৩০ হেক্টরে হাইব্রিড ও ১২৫ হেক্টরে স্থানীয় জাত রয়েছে।

“জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে ৪০ হাজার কৃষককে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। তাছাড়া ২০ হাজার কৃষককে পাঁচ কেজি করে উফশি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে পটাশ সার দেওয়া হয়েছে।”

এবার জেলায় সাত লাখ ৭০ হাজার ৭০২ মেট্রিক টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক।

এদিকে কৃষকরা বলছেন, এবার বোরো আবাদের পরিবেশ বেশ অনুকূল। সরকারি সহায়তা বোরো আবাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

জেলার সমতল এলাকা কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের কৃষক আয়েন উদ্দিন বলেন, “দিন-রাইত কাজ করতাছি। খাওয়নের সময় পাই না। আকাশ ভালা। কিচু জমি লাগাইছি। বাকি জমি লাগাইতাছি।”

হাওরাঞ্চলের খালিয়াজুরি উপজেলার আদমপুর গ্রামের কৃষক জাফর আলী বলেন, “আমার পাঁচ একরের মধ্যে চার একরেই লাগায়া ফালাইছি। এইবার গতবারের মতো হাওর থেইক্যা পানি নামতে অতোটা দেরি অয় নাই। কৃষি অফিসও কিচু সার, বীজ দিছে। আগামী তিন-চাইর দিনের মধ্যে সব জমি লাগাইয়া শেষ কইরা ফালবাম।”

জেলার পাহাড়ি অঞ্চল দুর্গাপুরের শিবগঞ্জ  গ্রামের আকবর আলী বলেন, “বোরো জমি লাগাইতাছি। কিচু জমিতে উফশি আর হাইব্রিড লাগায়ালছি। বাকিগুলাতেও লাগায়াম। এলাকার কয়েকজন কৃষক অফিস থেকে বীজ আর সার পাইছে। উপকার অইছে। তবে আরও বেশি কৃষকরে দিলে ভালা অইতো। অহন লাগাত আবহাওয়া ভালা। আশা করতাছি, ভালা ফসল পাইয়াম।“