২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক ট্রেনের নিচে অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তি নিহত

গাজীপুরে পৃথক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2022, 07:38 PM

Updated : 28 Apr 2022, 11:29 PM

মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জের চুয়ারিখোলা এলাকা ও পূবাইলের তালটিয়ায় তারা মারা যান বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এমাইদুল জিহাদী জানান।

নিহত একজনের বয়স ১৮ আনুমানিক বছর আর অপরজনের বয়স ৩৫ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।

এসআই এমাইদুল বলেন, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের পেছনে দাঁড়িয়ে ভ্রমণ করছিলেন এক ব্যক্তি। সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের চুয়ারিয়াখোলা এলাকায় নিচে পড়ে যান তিনি। তারপর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া সকাল ৯টার দিকে পূবাইল স্টেশনের তালটিয়া এলাকায় চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে আরেকজন নিহত হন বলে জানান এসআই এমাইদুল।

এসআই বলেন, দুই মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে।