২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার অরেঞ্জ হত্যার আসামি গ্রেপ্তার ঢাকায়

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে হত্যার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2022, 09:27 PM

Updated : 28 Apr 2022, 11:26 PM

রাজধানীর বনানী থেকে সোমবার রাতে শুটার রাসেলকে (২২) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ অধিনায়ক উইং কমান্ডার মো. আসাদুজ্জামান জানান।

গত ২ জানুয়ারি রাতে বগুড়া শহরের ডাবতলা এলাকায় গুলিতে অরেঞ্জ ও মিনহাজ শেখ আহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জানুয়ারি রাতে অরেঞ্জ মারা যান।

অরেঞ্জ ডাবতলা এলাকার রেজাউল করিমের ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

উইং কমান্ডার আসাদুজ্জামান তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুটার রাসেল বনানীর এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেলের বিরুদ্ধে শুধু বগুড়া সদর থানায় ছয়টি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২ জানুয়ারি বগুড়া সদরের ডাবতলা এলাকায় রাসেলের নেতৃত্ত্বে কয়েকজন সন্ত্রাসী নাজমুল হাসান অরেঞ্জকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।

“এ সময় অরেঞ্জ ছাড়াও মিনহাজ শেখ নামে আরো একজন গুলিবিদ্ধ হয়। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়। ষেখানে ১০ জানুয়ারি অরেঞ্জ মারা যান।”

অরেঞ্জ গুলিতে আহত হওয়ার পরদিন তার স্ত্রী স্বর্ণালি আক্তার ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

মঙ্গলবার রাসেলকে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় বলে র‌্যাব কর্মকর্তা আসাদুজ্জামান জানান।