২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল কনস্টেবলের

রংপুরের কাউনিয়া উপজেলায় এক পুলিশ কনস্টেবলের মরদেহ পাওয়া গেছে; যিনি অজ্ঞাত কোনো গাড়ির চাপায় নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 08:56 PM

Updated : 02 Aug 2022, 02:31 PM

রোববার সকালে রাজেন্দ্রবাজার এলাকায় সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান।

নিহত তাজুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার গ্রামের আব্দুস সালামের ছেলে। রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম নিহতের পরিবারের বরাতে বলেন, “শনিবার সকালে একদিনের ছুটি নিয়ে নিজ বাড়ি কুড়িগ্রামে যান তাজুল। ছুটি শেষে রোববার ভোরে মোটরসাইকেলে করে পীরগাছা থানায় ফিরছিলেন তিনি। সকাল ৮টার দিকে রাজেন্দ্রবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।”

নিহত তাজুলের ভাই রেজাউল করিম বলেন, “ছুটি শেষে ভোরে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তাজুল। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।”

কাউনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সোয়া ৮টার দিকে এক অটোরিকাশা চালকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যায়।”

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে পুলিশ সদস্য তাজুল ইসলামের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।”