শামীম ওসমানের ‘গড ফাদার’ উপাধি ৩০ বছরের: আইভী
নারায়ণগঞ্জের সাংসদ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ‘গড ফাদার উপাধি’ ত্রিশ বছরের পুরনো বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
রোববার সকালে নারায়ণগঞ্জের বন্দরে ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগে এসে আইভী বলেন, “আমার জনগণ কখনও কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদবাজ, খুনিকে গ্রহণ করেনি – নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে।”
নির্বাচনে শামীম ওসমান সমর্থন দেবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “উনি দিলে দেবে, না দিলে না দেবে। আমাকে উনি অপছন্দ করতেই পারেন – এটা কোনো ব্যাপার না।
“আমি আমার বড় ভাইকে সম্মান রেখে বহুবারই চেষ্টা করেছি। উনি যদি ওনার দায়িত্ব পালন না করেন তাহলে কিছু করার নাই। জনতা যে রায় দেবে, সেটাই রায়।”
তিনি বলেন, “শামীম ওসমানকে গড ফাদার উপাধি আমি দেইনি। এটা তার বিগত ৩০ বছরের উপাধি, শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশের তা জানে। আওয়ামী লীগ একটি বিশাল বড় দল। এখানে সকলের স্থান আছে। জনপ্রিয় মানুষের যেমন স্থান আছে, তেমন বির্তকিত মানুষেরও স্থান আছে। সব দলের মধ্যেই সবাই থাকে।”
আওয়ামী লীগ একটি বিশাল জনসমুদ্র, এখানে যে টিকে থাকার সে টিকে থাকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে বলে মনে করেন আইভী।
ভোটার সম্পর্কে আইভী বলেন, “নারায়ণগঞ্জের ভোটাররা আমার কথা বলে, ধর্মপ্রাণ মুসলমানরা আমার কথা বলে। আমার বিরুদ্ধে বিগত দিনে প্রচুর অপপ্রচার চালানো হয়েছে, বিভ্রান্ত ছড়ানো হযেছে। ধর্মীয় ব্যাপারে উসকানি দেওয়া হয়েছে। কিন্তু কোনোটাতেই কাজ হবে না, আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না।”
তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কিনা জানতে চাইলে আইভী বলেন, “নির্বাচন আসলেই ষড়যন্ত্র হয়। তো ষড়যন্ত্র হবেই – ধ্বংস করে দেবে আমার জনগণ। প্রধানমন্ত্রী জানেন, নারায়ণগঞ্জের জনগণ আমার পাশে আছে। যে কী করল না করল তাতে আমার কিছু যায় আসে না।”
বংশগতভাবে আওয়ামী লীগ করেন জানিয়ে আইভী বলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। কিন্তু আমি কাজ করব সকলের জন্য। আমি যখন রাস্তা করি তখন আওয়ামী লীগ, বিএনপি দেখি না। সুতরাং আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করব। এখনও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু আমার পরিচিতি আমার জয় বাংলা।”
