সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রলির ধাক্কায় এক শিশুর প্রাণ গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।
নিহত মোজাম্মেল হোসেন (৯) ওই গ্রামের কাসায়েদ মিয়ার ছেলে।
ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, সকালে বাড়ির সামনের সড়কে একটি ট্রলির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় মোজাম্মেল। পরে হাসাপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ট্রলিটি আটক করলেও চালক যায়।
শিশুটির লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
