২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 07:03 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

বুধবার রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আকরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।

গ্রেপ্তার আবুল বাশার ওই এলাকার ওলি আহমেদের ছেলে।

মৃত গৃহবধূ সানজিদা আক্তার উপজেলার দক্ষিণ কাশিমপুরের বাসিন্দা ও ফেনী সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই নারায়ণ চন্দ্র দাস জানিয়েছেন।

বুধবার সানজিদার মা বাদী হয়ে ফেনী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলাটি করেন। মামলায় সানজিদার স্বামী আবুল বাশার, শ্বশুর ওলি আহমেদ, শাশুড়ি সাফিয়া খাতুন, ভাসুর জাফর, তার স্ত্রী রুবি বেগম, ননদ পিংকি বেগমকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৭ নভেম্বর দুবাই প্রবাসী আবুল বাশারের সঙ্গে পারিবারিকভাবে সানজিদার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে সানজিদার ওপর মানসিকভাবে নির্যাতন চালায় তার শ্বশুর বাড়ির লোকজন।

সোমবার রাতে শ্বশুর বাড়ি থেকে সানজিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত শেষে সানজিদার মরদেহ কাশিমপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সানজিদার মা মোহছেনা আক্তার বলেন, “বিয়ের পরদিন থেকেই আবুল বাশার আমার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে। সানজিদাকে পছন্দ হয়নি বলে বিভিন্ন সময় কটাক্ষ করত সে। কাবিনের টাকা নিয়ে সানজিদাকে চলে যেতেও বারবার চাপ প্রয়োগ করেছে বাশার।

“মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের ফলে আমার মেয়ে আত্মহত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।”

ওসি মো. নিজাম উদ্দিন বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার আবুল বাশারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।