২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া হত্যাকাণ্ডে একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এরশাদুল হক ও বাদল সরকার হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 11:42 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বুধবার একথা জানান।

গ্রেপ্তার আশরাফুল ইসলাম রাব্বী (৩৭) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়ার মমিনুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গত রোববার [১৯ ডিসেম্বর] রাতে জেলার কসবা উপজেলার বিদ্যানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাকে মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।

আশরাফুল ইসলাম রাব্বী সীমান্তপথে ভারত চলে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

গত ১৭ ডিসেম্বর রাতে নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে গুলিতে নিহত হন এরশাদুল ও বাদল। এরশাদুল নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং বাদল ওই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।

এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এরশাদুলের ছোট ভাই আক্তারুজ্জামান।

আশরাফুল এই হত্যা মামলার ১ নম্বর আসামি নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী এবং একটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বলে পুলিশ জানিয়েছে।