ঝিনাইদহে ডায়রিয়ার প্রকোপ, ১ জনের মৃত্যু
ঝিনাইদহে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী; আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত একজন।
বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে ঝিনাইদহ সদর হাসপাতালের নার্স-চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপাতালে দেখা গেছে, বিছানা না পেয়ে মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। রোগীর ভিড়ে পা ফেলার জায়গা পর্যন্ত নেই।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হারুন অর রশিদ বলেন, এ মাসে এ পর্যন্ত প্রায় সাতশ ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন হাসপাতাল ছাড়াও অনেক রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে শুক্রবার রাতে শহরের ব্যাপারিপাড়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী সাইদ হোসেন (১৪) ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাকে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হয়। তার আগেই তার মৃতু হয়।
ঢাকা থেকে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য বলা হয়েছে বলে তিনি জানান।
হারুন অর রশিদ বলেন, আক্রান্তদের মধ্যে বয়স্ক রোগী বেশি। এই পরিস্থিতিতে লোকবলের অভাবে চিকিৎসক ও নার্সদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছেন।
শনিবার সকালে হাসপাতালে ১১৮ জন ডায়রিয়া রোগী ছিল বলে তিনি জানান।
