যশোরে বিএনপি কার্যালয়ে ভাংচুর, নেতাকে ছুরিকাঘাত
যশোর বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরসহ এক নেতাকে ছুরি মেরে আহত করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে এই হামলা চালানো হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন অভিযোগ করেন, ৪০-৫০ জনের একটি দল এসে এই হামলা চালায়। এ সময় কোভিড মোকাবিলার জন্য গঠিত হেল্প সেলে টিকা নেওয়ার নিবন্ধনে সহায়তা কার্যক্রম চলছিল। হামলাকারীরা কাগজপত্র তছনছসহ কম্পিউটারের প্রিন্টার ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। তাছাড়া নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করেছে। কার্যালয়ের সামনে রাখা নেতাকর্মীদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুকে ছুরি মারা হয়।
তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ।
এ বিষয়ে ছাত্রলীগের বক্তব্য জানার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিল নওশাদ পল্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি। ঘটনার পরপর দলীয় কার্যালয়ে গিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।”
