রংপুরে শিশু ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার
রংপুরের পীরগাছায় মোবাইলে গান শোনানোর কথা বলে ছয় বছরের শিশু ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার এক সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস জানান, আগের দিন গাইবান্ধা জেলার সদর থানার পূর্বপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ১৮ বছর বয়সী তুষার ইমরানকে গ্রেপ্তার করেন তারা।
তুষারের বাড়ি রংপুরের পীরগাছা থানার নরসিংহ বাগবাড়ি গ্রামে।
রেজা বলেন, “গত ২৮ জুলাই নিজ গ্রামের ছয় বছরের একটি মেয়েকে মোবাইলে গান শোনানোর কথা বলে তুষার নিজ বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গেলে তুষার পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
পরে এ ঘটনায় মেয়েটির বাবা ৮ অগাস্ট পীরগাছা থানায় মামলা দায়ের করলে তুষারকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
