২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে আরও ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 10:02 AM

Updated : 07 Apr 2022, 11:28 PM

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন। এছাড়াও আরও দুইজনের মৃত্যু হয়েছে কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতায়।

মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে ছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে ৫২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময় ৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে পরিচালক জানান।

রোববার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ২১২ জনের করোনাভাইরাস পজেটিভ রয়েছে। উপসর্গ রয়েছে ১২৩ জনের; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিডমুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।

শামীম বলেন, শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যার শনাক্তের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ। এর আগের দিন শুক্রবার যা ছিল ৩০ দশমিক ২১ শতাংশ।