হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে নিখোঁজদের ‘তিন জন ভোলার’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় নিখোঁজদের মধ্য তিনজন ভোলার বাসিন্দা বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছে চরফ্যাসন উপজেলা প্রশাসন। তবে এরমধ্যের দুজন নিহত হওয়ার প্রাথমিক তথ্য মিলেছে বলছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল এমরান প্রিন্স।
নিখোঁজরা হলেন, চরফ্যাসন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ গ্রামের ফজুলের ছেলে হাসনাইন (১২), একই বাড়ির কবিরের ছেলে রাকিব (২৮) এবং এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আ. মান্নানের ছেলে নোমান। এরমধ্যে হাসনাইন এবং রাকিব সেমাই প্যাকেটজাত করার কাজ করতেন।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখন পর্যন্ত আমরা তিনজনের নাম-ঠিকানা পেয়েছি। তারা সবাই চরফ্যাসন উপজেলার বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত কারখানার শ্রমিক ছিলেন।
“তবে তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমার ঢাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।”
এদিকে, ইউপি চেয়ারম্যান আল এমরান প্রিন্স বলেন, “রাকিব এবং হাসনাইন নিহত হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে। তারা তখন (দুর্ঘটনার দিন) কারখানার চতুর্থ তলায় কাজ করছিলেন।”
দুর্ঘটনার পর থেকে ওই সব পরিবারে শোকের মাতম চলছে বলেন তিনি।
নিখোঁজ হাসনাইনের বাবা ফজলু জানান, তার ছেলে হাসনাইন ওই কারখানায় চতুর্থ তলায় কারিগর রাকিবের সহকারী হিসাবে কাজ করতেন। দুর্ঘটনার দিনও তারা কারখানায় অবস্থান করেছিলেন।
