গাজীপুরে অগ্নিকাণ্ডে ‘১২টি ঝুট গুদাম’ পুড়ল
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২টির মতো ঝুট গুদাম মালামালসহ পুড়ে গেছে।
রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানা এলাকার আমবাগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে আমবাগ মিতালী ক্লাব এলাকায় প্রথমে সোহেল মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে।
“আগুন আশেপাশের আরও ১১টির মতো ঝুট গুদামে ছড়িয়ে পড়ে।”
এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে মালামালসহ ১২টি টিনশেডের ঝুট গুদাম পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
