২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্ক না পরলে ক্রেতা পণ্য ‘পাবে না’ 

মূখে মাস্ক না পরা ক্রেতার কাছে বাগেরহাটের ব্যবসায়ীরা পণ্য বিক্রি না করার প্রচারে নেমেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 05:57 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

‘মূখে মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করব না’-শ্লোগানে এই প্রচারাভিযানে নামে বাগেরহাট শিল্প ও বণিক সমিতি এবং বেসরকারি সংস্থা ডেমক্রেসি ইন্টারন্যাশনাল।

রোববার দুপুরে বাগেরহাট শহরের শালতলা মোড়ে এই প্রচারাভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ।

এই প্রচারের পক্ষে বাগেরহাট শহরের শালতলা মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, মেইন রোড, খানজাহান আলী সড়কসহ বিভিন্ন সড়কে দোকানে দোকানে স্টিকার লাগানো হযেছে।

বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, জেলা শহরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ভাইরাসের সংক্রমণ রোধে চেম্বার অব কমার্স ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে।

“মূখে মাস্ক পরা না থাকলে দোকানিরা ক্রেতা সাধারণের কাছে পণ্য বিক্রি করবে না এমন প্রচারমূলক পোস্টার ছাপিয়ে দোকানে দোকানে লাগিয়ে দিচ্ছেন। এতে দোকানিদের পাশাপাশি ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়বে।”

বাগেরহাট ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এডভোকেসি টিমের সদস্য সাংবাদিক আহাদ হায়দার বলেন, সম্প্রতি বাগেরহাট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে জেলায় ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ভাইরাসের উৎসস্থল হাট-বাজার উল্লেখ করে তিনি বলেন, “হাট-বাজারে আসা মানুষদের স্বাস্থ্য সুরক্ষা দিতে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন শিল্প ও বণিক সমিতির সাথে আমরা সভা করেছি। যেহেতু হাঁচি, কাশির মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ায়, সেহেতু সবার মূখে মাস্ক পরা বাধ্যতামূলক।

“তাই ক্রেতা সাধারণ বাজারে মাস্ক না পরে আসলে তাদের কাছে পণ্য বিক্রি না করতে উদ্বুদ্ধ করা হয়। তারা আমাদের সাথে একমত পোষণ করায় আমরা যৌথভাবে প্রচারাভিযান শুরু করেছি।”

এতে ভাইরাসের সংক্রমণ অনেকাংশে কমে আসবে বলে মনে করেন এই হায়দার।

বাগেরহাট শিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিল্প ও বণিক সমিতি সব সময় সচেতন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যেন সব ব্যবসায়ীরা কেনাবেচা করেন তার জন্য শুরু থেকেই তারা কাজ করছেন।

“তারই অংশ হিসেবে-মূখে মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করব না-শ্লোগানে বেসরকারি সংস্থা ডেমক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আমরা প্রচারাভিযানে নেমেছি।”

বাগেরহাটের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়ী সমিতি পাঁচ হাজার স্টিকার ছেপে দোকানে দোকানে লাগিয়ে দিচ্ছে বলে তিনি জানান।

ক্রেতাদের মূখে মাস্ক না থাকলে দোকানিরা তাদের কাছে পণ্য বিক্রি করবেন না বলে তাদের সংগঠনের কাছে অঙ্গীকার করেছেন বলে জানান এই ব্যবসায়ী নেতা।

বাগেরহাট কাপড় ব্যবসায়ি সমিতির সভাপতি কার্তিক ভট্টাচার্য্য বলেন, বাগেরহাট শহরের কাপড় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করছেন। তারা দোকানের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করে, হ্যান্ড স্যানিটাইজার রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে এবং মূখে মাস্ক পরে কেনাবেচা করছেন।

“ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আজ থেকে ক্রেতা সাধারণের মুখে মাস্ক পরা না থাকলে আমরা তাদের কাছে পণ্য বিক্রি করব না বলে অঙ্গীকার করেছি। ভাইরাসের সংক্রমণ রোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।”

প্রচারাভিযান উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এডভোকেসি টিমের সদস্য ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, সদস্য নকিব নজিবুল হক নজু, মেহেবুবুল হক কিশোর, অ্যাডভোকেট লুনা সিদ্দিকী প্রমুখ।