২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি ইয়াবা পাচার করছিলেন বলে বিজিবির ভাষ্য।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 11:53 AM

Updated : 18 Aug 2022, 02:53 PM

রোববার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান জানিয়েছেন।

নিহত জাফর আলম (৩০) ওই ইউনিয়নের নয়াপাড়ার জবর মুল্লুকের ছেলে।

বিজিবি কর্মকর্তা ফয়সাল বলেন, “ভোরের দিকে বিজিবির শাহপরীর দ্বীপ ফাঁড়ির সদস্যরা টহল দেওয়ার সময় মিয়ানমারের দিক থেকে নাফ নদী পার হয়ে একটি নৌকা আসে। নৌকাটি উপকূলের কাছাকাছি আসলে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

“কিন্তু নৌকায় থাকা তিন-চারজন লোক লাফ দিয়ে উপকূলে নেমে দৌড় দেন। তাদের ধাওয়া দিলে তারা বিজিবির সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক পাচারকারীরা গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে জাফরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ সময় ঘটনাস্থলে দুই লাখ ইয়াবা, একটি বন্দুক, একটি গুলির খোসা ও একটি কিরিচ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “জাফর আলম একজন চিহ্নিত মাদক পাচারকারী। মাদকপাচারের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।”

এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।