চাল আত্মসাত: বগুড়ায় আ. লীগ নেতার ডিলারশিপ বাতিল
বগুড়ার গাবতলীতে ১০ টাকা দরের চাল বিতরণে অনিয়মের দায়ে এক ডিলারের নিবন্ধন বাতিল ও জরিমানা করা হয়েছে।
বুধবার খাদ্যবান্ধব কর্মসূচি কমিটির সভায় ডিলারের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে উপজেলা খাদ্যর কর্মকর্তা হারুন অর রশিদ জানান।
দণ্ডপ্রাপ্ত ডিলার আব্দুল ওয়াজেদ হোসেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
হারুন অর রশিদ বলেন, গত ৭ এপ্রিল ‘মরিয়ম ট্রেডার্সের’ মালিক ডিলার ওয়াজেদ খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির চালের ১০০ বস্তা আত্মসাতের চেষ্টা করেন। খবর পেয়ে প্রশাসনের লোকজন সেখানে যায়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যা পাওয়া গেলে ওই ডিলারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে এ ঘটনা তদন্তে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ওয়াজেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে বলে এ খাদ্য কর্মকর্তা জানান।
তিনি বলেন, “মঙ্গলবার তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ওয়াজেদের ডিলারশিপ বাতিল করা হয়। এ ছাড়া ডিলারশিপের জামানত ২০ হাজার টাকা আত্মসাত করায় তাকে ১০০ বস্তা চালের দ্বিগুণ মূল্য- দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
সাত কর্মদিবসের মধ্যে ওই টাকা জমা না দিলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান হারুন।
