২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ডিলারের শ্যালোকের ঘর থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার

নওগাঁয় অভিযান চালিয়ে ওএমএসের ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 03:06 AM

Updated : 18 Aug 2022, 02:52 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন ‌জানান, স্থানীয় ওএমএস ডিলার আবু সাঈদের শ্যালোক আবদুর রবের ঘর থেকে এ ১৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

“উদ্ধার করা চালের ওজন পাঁচ হাজার ১০০ কেজি।”

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের এসব চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন আবু সাঈদ। দরিদ্র মানুষ এর মাঝে এসব চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে শ্যালোকের ঘরে মজুদ করে রাখেন ডিলার আবু সাঈদ বলে জানান তিনি।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশকে সাথে নিয়ে ওই ডিলারের শ্যালোক আবদুর রবের বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ বস্তা সরকারি ওএমএসের চাল উদ্ধার করে।

“অভিযানের খবর জানতে পেরে ডিলার ও তার শ্যালোক স্বপরিবার পালিয়ে যায়।”

তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।