বৌদ্ধ ধর্মীয় গুরু জোত মহাথেরো মারা গেছেন
পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মীয় গুরু এবং বান্দরবানের স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উ পঞঞা জোত মহাথেরো আর নেই।
সোমবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাথেরো মারা যান বলে তার ভগ্নিপতি ও বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক অংচালু মারমা জানান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
অংচালু মারমা বলেন, “গত ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় মহাথেরোকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। সেখানে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।”
বান্দরবানে শহরে রাজগুরু বিহারাধ্যক্ষও ছিলেন তিনি। বিহার পরিচালনা কমিটি সদস্যরা জানান, মহাথেরোর মরদেহ আপাতত চট্টগ্রামের রাউজানে খৈয়াখালী বৌদ্ধ বিহারে নেওয়া হয়েছে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার বান্দরবানে তার রাজগুরু বিহারে নিয়ে আসা হবে।
বৌদ্ধ ধর্মীয় এই ভিক্ষু সকলের কাছে উচহ্লা ভান্তে নামে পরিচিত ছিলেন। দেশ-বিদেশে তার রয়েছে অসংখ্য ভক্ত। ধর্মীয় ‘দেশনা’ দিতে প্রতিবছর এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতেন তিনি।
মহাথেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর সরকারি চাকরি ছেড়ে ১৯৯৫ সালে গৃহজীবন ত্যাগ করে ভিক্ষু জীবন ধারণ করেন তিনি।
