বগুড়ায় প্ল্যাকার্ড হাতে ত্রাণের দাবি
বগুড়ায় প্ল্যাকার্ড হাতে সড়কে নেমে ত্রাণের দাবি জানিয়েছে নিম্ন আয়ের খেটে খা্ওয়া লোকজন।
শনিবার দুপুরে বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বারপুর উত্তরপাড়ার মোজামনগর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় পাঁচশ নারী-পুরুষকে প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
প্ল্যাকার্ড লেখা ছিল- ‘আমরা খেটে খাওয়া শ্রমিক, আমরা অর্ধা-অনাহারে দিন কাটাচ্ছি, আমরা খাবার চাই, ত্রাণ চাই’।
সেখানে রাশেদুল ইসলাম নামের একজন বলেন, “আমরা সবাই শ্রমিক। কেউ রিকশা চালাই, কেউ মোটর শ্রমিক কেউবা বিভিন্ন পরিবহনে লেবারের কাজ করি। গত কয়েকদিনে আমরা কর্মহীন হয়ে পড়েছি। ঘরে বসে থেকে আমরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি।
“আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা এখন পর্যন্ত কোন সহযোগিতা পাইনি। আমরা খাবার চাই। এর আগে এসে তালিকা করে নিয়ে গেছে। কিন্তু কারো কাছে এখনও কোন খাবার আসেনি। স্থানীয় কাউন্সিলর এখনও আমাদের কোন খবরই নেয়নি। আমরা খেয়ে আছি না, না খেয়ে আছি দেখার কেউ নেই। ”
ফাতেমা নামে এক হোটেল শ্রমিক বলেন, “হোটেল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছি। দিন হাজিরায় কাজ করতাম। সেই টাকায় সংসার চলে। এখন কাজ নাই। ঘরে খাবারও নেই। এখনও ত্রাণ পাইনি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।”
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হামিদ বলেন, তার ওয়ার্ডে সাড়ে ১৫ হাজার ভোটার। কিন্তু ২১ জনের একটি বরাদ্ধ পাওয়া গিয়েছিল। প্রতিজনের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু। ওই খাবার ২১ জনকে দিতে গেলে লোকজনের মার খেতে হবে। তাই নেইনি।
“সরকারি আর কোন বরাদ্ধ এখনও পাইনি। পৌরসভার চেয়ারম্যানকে আমরা কাউন্সিলররা পৌরসভার ফান্ড থেকে টাকা দিয়ে ত্রাণ কেনার কথা বললেও তিনি বিষয়টি কর্ণপাত করেননি। আমরা এলাকার লোকদের সহযোগিতা করতে চাই। কারণ তাদের কাজ নেই। বাড়িতেই বসে আছে।”
পৌর মেয়র একেএম মাহবুবর রহমান বলেন, ,“১৭ নম্বর ওয়ার্ডের বরাদ্ধ ২১ প্যাকেট এখনও কাউন্সিলরা নিয়ে যায়নি। যেহেতু অফিস বন্ধ মিটিং করা সম্ভব নয়। তাই কাউন্সিলর মেজবাউল হামিদকে আবেদন করতে বলেছিলাম। কিন্তু তিনি তা করেননি। ”
নিম্ম আয়ের লোকজনদের ত্রাণের বিয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি তার সাধ্যমত সহযোগিতার করার চেষ্টা করবেন।
