২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির পিতার জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত টুঙ্গিপাড়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে স্বাগত জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 02:40 PM

Updated : 10 Oct 2022, 07:03 PM

মঙ্গলবার ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের একশ বছর পূর্ণ হবে। একইদিন দেশে বছরব্যাপী মুবিবর্ষের সূচনা হবে।

এদিন সকাল ১০টায় প্রথম রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল ‍দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে। পরে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

মুজিববর্ষ উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে পুরো টুঙ্গিপাড়া উপজেলা। জাতির জনকের সমাধিসৌধসহ গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে জ্বলছে নানা রঙের বাতি। বিভিন্ন ভবনগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোতে ।

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে লাল সবুজসহ বিভিন্ন রঙের লেজার, প্যানেল ও এলইডি বাতি জ্বালানো হয়। এ সময় এ বাতির আভায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের মূলস্তম্ভ, বঙ্গবন্ধুর আদি পৈত্রিক বাড়ি, বঙ্গবন্ধু ভবন, প্রধানমন্ত্রীর বাড়ি, সমাধিসৌধের গেট, সমাধি সৌধ মসজিদ, সংগ্রহশালা, বকুলতলা চত্ত্বর, পাবলিকপ্লাজা ও ক্যাফেটোরিয়া উজ্জ্বল হয়ে ওঠে।

এছাড়া টুঙ্গিপাড়া হেলিপ্যাডে শোভাবর্ধন করেছে পানি উন্নয়ন বোর্ড। সেখানে পুকর সংষ্কার, সংরক্ষণ ও হ্যালিপ্যাডে আল্পনা করা হয়েছে।

পাটগাতী গ্রামের সজল সরকার বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধে কমপ্লেক্স সাজানো হয়েছে অপরূপ সাজে। সমাধিসৌধের এমন রূপ আগে কখনো দেখা যায়নি। আলোসজ্জা ও রাতে বিভিন্ন ধরণের লাইটের ব্যবহার করে দর্শনার্থীদের কাছে গোটা সমাধিসৌধ কমপ্লেক্স আর ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। “

টুঙ্গিপাড়া গ্রামের বোরহান সরদার বলেন, “বঙ্গবন্ধুর সমাধিসৌধে আলোকসজ্জা আমাদের মুগ্ধ করেছে। বঙ্গবন্ধু এ গ্রামে জন্ম নিয়ে আমাদের পরাধীনতা থেকে মুক্ত করে আলোর পথ দেখিয়েছেন। এ আলোর পথ ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সেনারবাংলা গড়ে তুলতে হবে।”

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কউরেটর মো. নজরুল ইসলাম বলেন, রোববার রাত থেকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন নতুন বিভিন্ন রঙের লাইট দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ রঙ্গিন করে তোলা হয়েছে। আগামী ১৭ মার্চ রাত পর্যন্ত লাইটিং অব্যাহত থাকবে।

তিনি বলেন, “এটি দেখে দর্শকেরা খুবই আনন্দ পাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে জম্মশত বার্ষিকীতে ব্যাপক আয়োজন করেছি। বঙ্গবন্ধু শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাবে, এটিই আমাদের প্রত্যাশা।”

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ বলেন, জাতির পিতার জন্ম দিন বাঙ্গালী জাতির সবচেয়ে আনন্দের দিন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে সামনে রেখে টুঙ্গিপাড়া নতুনভাবে সেজেছে। এখানে উৎসব মুখর পরিবেশে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপিত হবে।”

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উপজেলা আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান দলটির এ নেতা।