২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতুয়া আচার্য্য হিমাংশুপতি ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

মতুয়া ধর্মের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের পঞ্চম পুরুষ মতুয়া আচার্য্য হিমাংশুপতি ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 07:17 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জে শ্রীধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ির পারিবারিক শ্মশানে তার মরদেহ দাহ করা হয়েছে।

অশীতিপর হিমাংশুপতি ঠাকুরের শেষকৃত্যে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মতুয়া ভক্ত ওড়াকান্দি ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছেন।

গত রোববার সকাল পৌনে ১১টায় শ্রীধাম ওড়াকান্দি গ্রামের ঠাকুরবাড়িতে ৮৩ বছর বয়সে বাধ্যর্কজনিত কারণে তিনি মারা যান।

২০০০ সালে হিমাংশুপতি ঠাকুর ‘বাংলাদেশ মতুয়া মহামিশন’ এর সংঘাধিপতি নির্বাচিত হন এবং একই সঙ্গে শ্রীধাম ওড়াকান্দির মতুয়া আচার্য্য হন। মাইনরিটি হিউম্যান রাইটস ফোরাম স্বর্ণপদক প্রদান করে তাকে।

দুইশ’ বছর আগে কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে জম্ম গ্রহণকারী হরিচাঁদ ঠাকুর ৩৩ বছর বয়সে মতুয়া ধর্মমত প্রবর্তন করে ওড়াকান্দি থেকে প্রচার শুরু করেন। কালক্রমে ওড়াকান্দি ঠাকুরবাড়ি শ্রীধামে পরিণত হয়।

ভক্তরা বলেন, কৃতিত্বের সঙ্গে দুই দশক ধরে মতুয়া অনুসারীকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। মতুয়া মত প্রচারের পাশাপাশি দেখিয়েছেন ধর্মের সুন্দর, সঠিক ও সত্যের পথ।

হিমাংশুপতি ঠাকুরের ছেলে কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু বলেন, “বাংলাদেশ, ভারত, নেপাল, রাশিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে হরিচাঁদ ঠাকুরের দুই কোটি মতুয়া আনুসারী রয়েছে।”

তার মৃত্যুতে বাংলাদেশ মতুয়া মহাসংঘ, হরিচাঁদ-গুরুচাঁদ মিশন, গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ি, মাইনরিটি হিউম্যান রাইটস ফোরাম, গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদ, কাশিয়ানী উপজেলা পরিষদ ও প্রশাসন, প্রেসক্লাব ও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

হিমাংশুপতি ঠাকুর স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য মতুয়া ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।