২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে কাজ শেষ হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

শরীয়তপুরের একটি রাস্তায় কাজ শেষ হতেই কার্পেটিং উঠে যাচ্ছে। নিম্নমাণের উপকরণ ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2020, 04:52 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

তবে সংশ্লিষ্ট প্রকৌশলী দাবি করেছেন, থিকনেস কম থাকায় কার্পেটিং উঠে গেছে।

ভেদেরগঞ্জ উপজেলার কাশিমপুর-পিএমখালী সড়কের প্রায় ছয় কিলোমিটার এই সড়কের কাজ শেষ হয় গত শনিবার। এরপর ওই সড়কে গিয়ে দেখা গেছে, গাড়ি চলার সময় কার্পেটিং উঠে যাচ্ছে। এলাকার তরুণরা হাত দিয়ে টান দিলেও উঠে যাচ্ছে।

এ বিষয়ে ভেদেরগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, “আমরা ৪০ মিলিমিটার থিকনেস প্রস্তাব করেছিলাম। কিন্তু অনুমোদন হয়েছে মাত্র ২৫ মিলিমিটার। থিকনেস কম বলে কার্পেটিং উঠে গেছে।”

তিন কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ৯৭৪ টাকায় প্রায় ছয় কিলোমিটার এই সড়কটির কাজ গত শনিবার শেষ হয়েছে বলে তিনি জানান।

সড়কের বেহাল দশার খবর পেয়ে সরেজমিনে দেখতে গেলে চরচান্দা এলাকার মতিউর রহমান বলেন, “রাস্তা দিয়ে গাড়ি গেলে কার্পেটিং উঠে যায়! এ কেমন রাস্তা?”

কোড়ালতলী এলাকার আবুল কাসেম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ফেটে চৌচির হয়ে গেছে। সরকারের পুরো টাকাটা ভেস্তে গেল।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শেখ এন্টার প্রাইজের মালিক মানিক শেখের সঙ্গে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।