২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশঝাড়ে শিশুর মরদেহ, ধর্ষণের অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 10:46 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

সোমবার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মন্দভাগ এলাকা থেকে মেয়েটির (১১) লাশ উদ্ধার করে পুলিশ।

সুরতহাল শেষে দুপুরে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মেয়েটির মা সাংবাদিকদের বলেন, রোববার বিকেলে পুকুরে গিয়ে তার মেয়ে আর ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না তাকে।

সোমবার সকাল ৮টার দিকে তাদের বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি বাঁশঝাঁড়ে মেয়ের রক্তাক্ত মরদেহ পাওয়া যায় বলে তিনি জানান। 

খবর পেয়ে কসবা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।