২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট ব্যসায়ীকে কুপিয়ে হত্যা, একজন আটক

গাজীপুরে এক ঝুট ব্যসায়ীকে ‘লেনদেন নিয়ে বিরোধের জেরে’ কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 07:40 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

বাসন থানার ওসি কাউসার আহমেদ চৌধুরী জানান, রোববার মধ্যরাতে গাজীপুর শহরের চান্দনা পূর্বপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (২৫) ঢাকার কেরাণীগঞ্জের বাচন আলীর ছেলে। বছর ১৫ আগে তিনি চান্দনা পূর্বপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন বলে স্বজনার জানান।

স্বজনরা বলেন, আরিফ ঝুটের ব্যবাসা করতেন। বিভিন্ন পোশাক কারখানা থেকে ঝুট কিনে প্রক্রিয়াজাত করে বেচতেন। রোববার রাতে তার দুই বন্ধু তাকে আটকে রেখে ফোনে তার স্ত্রীর কাছে টাকা চায়। আরিফের স্ত্রী ও স্বজনরা বিকাশের মাধ্যমে তাদের ৩০ হাজার টাকা পাঠায়। রাত দেড়টার দিকে তারা ফোন করে জানায়, আরিফ আহতাবস্থায় চান্দনা পূর্বপাড়া এলাকায় পড়ে আছে। স্বজনরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কাউসার বলেন, “আরিফের দুই হাতের রগ ও আঙ্গুল কাটা এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন খান (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।