সিরাজগঞ্জে সেতু ডেবে উত্তরের ১১ জেলার যান চলাচল ব্যাহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সেতুর পাটাতন ভেঙ্গে ডেবে যাওয়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই সড়কের যানবাহনগুলোকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।
বুধবার সন্ধ্যার পর সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ কারণে উত্তরাঞ্চলের জেলা বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের সঙ্গে ঢাকার যান চলাচল করছে বিকল্প পথে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রমানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তার কারণে সন্ধ্যা ৬টার পর থেকে ভূঁইয়াগাতি ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
“এ মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আশা করছি ভোরের মধ্যে বিকল্প সড়কটি নির্মাণ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
“কিন্ত আজ [বুধবার] ভোরে ব্রিজটির একটি পাটাতন ২/৩ ফুট ডেবে যায়। ওই অবস্থায় দিনভর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হলেও সন্ধ্যার পর যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।”
ঢাকা-বগুড়া মহা সড়কের উন্নতিকল্পে চার লেনের কাজ শুরু হয়েছে। প্রায় ৭০ বছর আগের পুরাতন ওই সেতুর পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ না করেই নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। এ অবস্থায় পুরাতন সেতুর পাশ থেকে মাটি সরে যাওয়ায় সেতুটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
বুধবার দিনভর ঝুঁকি নিয়ে সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল করেছে। এ কারণে মহাসড়কের উভয়প্রান্তে দিনভর ছিল যানজট। শত শত যানবাহন আটকে পড়ায় নানা ভোগান্তি পোহাতে হয়।
তিনি জানান, যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হচ্ছে। এ জন্য ওই সকল সড়কে বাড়তি নিরাপত্তা হিসাবে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটির পাশেই বিকল্প সড়ক নির্মাণ কাজ শেষ হলে সকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
এ অবস্থায় এই মহাসড়কের চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক, বগুড়ার ধুনট হয়ে ও কাজিপুর সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যুক্ত হচ্ছে এবং নাটোর হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে ঢাকার পথে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে।
