মাদারীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
মাদারীপুরে স্বামী হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
মাদারীপুরের জেলা ও দায়রা জজ নিতাইচন্দ্র সাহা মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।
সাজাপ্রাপ্ত আসামি হলেন জেলার কালকিনি উপজেলার ধুয়াসার গ্রামের সিরাজ বেপারীর মেয়ে আসমা বেগম (৩২)।
রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়া ছিলেন।
ওই আদালতের এপিপি আবুল হাসান সোহেল মামলার নথির বরাতে জানান, গত বছর ১৩ জানুয়ারি আসমা তার স্বামী আলহাজ সরদারকে (৩৫) গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। পরকীয়া প্রেমের জেরে আসমা তাকে হত্যা করেন বলে অভিযোগ। এ ঘটনায় আলহাজের বোন সাজেদা বেগম থানায় মামলা করেন আসমা ও রাব্বী নামে একজনের বিরুদ্ধে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জসিমউদ্দিন রাব্বীকে অব্যাহতি দিয়ে শুধু আসমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
এপিপি আবুল বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আসমাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করেছে।
