২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

‘ঘুষের টাকাসহ’ ঠাকুরগাঁওয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2019, 01:30 PM

Updated : 10 Oct 2022, 09:28 PM

সোমবার সকালে শহরের ঘোষপাড়া এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে জানান দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

আটককৃতরা হলেন-ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) আনিছুর রহমান (৪৮) ও ওই কার্যালয়ের অফিস সহকারী জুলফিকার আলী (২৮)।

তাদেরকে ‘ঘুষের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে’ বলে জানান দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

“এদের সাথে আর কারা জড়িত রয়েছে সেটিও তদন্ত করা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।”

দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের একটি দল সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

আনিছুর ও জুলফিকারকে আটকের সময় “জুলফিকার আলীর ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার উদ্ধার করা হয়।”

আটককৃত দুইজনকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আহসানুল কবির।

পরে দুদকের ওই দল সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমানের শহরের হাজীপাড়ার এলাকার ভাড়া বাড়িতে তল্লাশি চালায়।