নিম্নাঞ্চল প্লাবিত: আশ্রয়ে সরছে রাজশাহীর চরবাসী
নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়ি ডুবতে শুরু করায় গবাদিপশুসহ চরের মানুষদের সরিয়ে নেওয়া শুরু করেছে প্রশাসন।
রাজশাহীর চারটি উপজেলা গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘার চররাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ার কথা উল্লেখ করে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, “মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬০০ পরিবারকে চরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
“সরিয়ে নেওয়া লোকজনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এদের অধিকাংশের উঁচু এলাকায় নিজের বাড়ি বা আত্মীয়সজন রয়েছেন। সেখানে গিয়ে তারা উঠছেন।”
মঙ্গলবার সকালে জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে চার উপজেলার নির্বাহী কর্মকর্তাকে চরাঞ্চলের লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়াও হয়েছে বলে জানান তিনি।
“ত্রাণ প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে।”
কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজানে পানি বাড়ায় দেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে পদ্মা অববাহিকার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নাটোর অঞ্চলে স্বল্পকালীন বন্যা হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানিয়েছেন।
মৌসুমি বায়ু বিদায়বেলায় প্রায় প্রতিদিনই সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের উজানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও বৃষ্টি বেড়েছে বলে জানিয়েছেন আরিফুজ্জামান।
“এ পরিস্থিতিতে দেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে পদ্মা অববাহিকার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নাটোর এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।
“বুধ-বৃহস্পতিবারের দিকে এ বন্যা দেখা দিতে পারে।”
মঙ্গলবার রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপাত্ত সংগ্রহকারী এনামুল হক বলেন, মঙ্গলবার সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মায় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ০৪ মিটার। সকাল ৯টায় আরো এক সেন্টিমিটার বেড়ে দাড়ায় ১৮ দশমিক ০৫ সেন্টিমিটার।
“বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।”
তবে গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে বন্যায় ক্ষতি হবার আশঙ্কা করছেন তিনি।
