বিদেশ পাঠানোর নামে গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১
বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়ার পর মাগুরার এক গৃহবধূকে ঢাকায় নিয়ে দলবেঁধে ধর্ষণের আভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মামলা হওয়ায় শুক্রবার সকালে নজরুল ইসলাম নামে এই আসামিকে তারা গ্রেপ্তার করেন।
নজরুল মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেছেন, সংসারে অভাব থাকায় তিনি বিভিন্ন স্থানে কাজ খুঁজছিলেন। নজরুল তাকে সৌদি আরব পাঠানোর জন্য তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন। গত ১৩ অগাস্ট নজরুল তাকে ভিসার জন্য ঢাকায় নিয়ে একটি বাসায় রাখেন।
“সেখানে আমাকে আটকে রেখে নজরুল, মোকাররম ও আরজু শেখসহ কয়েকজন প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে আমি সুযোগ পেয়ে গত ১২ সেপ্টেম্বর ভোরে পালিয়ে গাবতলী যাই। তারপর বাসে উঠে মাগুরায় ফিরে আসি।”
এরপর তিনি মাগুরা থানায় অভিযোগ দেন বলে জানান।
ওসি সিরাজুল বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
