২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ছাড়লেন নবীনগর পৌর মেয়র মাঈন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসছে নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2019, 07:01 PM

Updated : 08 Apr 2022, 04:42 PM

বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটাটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নবীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মাঈন উদ্দিন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঈন উদ্দিন বলেন, “আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং দাবিদার ছিলাম। কোনও কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে দলের মনোনয়ন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার পক্ষে জনমত থাকার পরও কোনও কারণ ছাড়াই মেয়র থাকাকালীন অবস্থায় আমাকে দলের মনোনয়ন না দেওয়ায় দলীয় কর্মকাণ্ড থেকে ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি।”

এছাড়াও মাঈন উদ্দিনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের ২৭ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণাও দেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় বিএনপি প্রার্থী মনোনয়ন দিয়েছে। কারো পক্ষে রায় না গেলে বরাবরই বলে থাকেন যে নিয়মতান্ত্রিকভাবে হয়নি।