গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের তালটিয়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, সোমবার সকালে ওই এলাকার শামসুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তারা এই অভিযোগ পেয়েছেন।
শামসুল ইসলাম তালটিয়া এলাকার বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি। ওই এলাকার মান্না খানের ছেলে তিনি।
এলাকাবাসী জানান, রোববার সকালে কিশোরীর মা-বাবা বাইরে গেলে শামসুল তাকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। কিন্তু কিশোরী বিষয়টি রাতে তার মা-বাবাকে জানায়। শামসুল এক লাখ টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করেন। এলাকাবাসী সোমবার সকালে বিষয়টি পুলিশকে জানায়।
ওসি নাজমুল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শামসুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
