বাসযাত্রীকে চাকায় পিষে হত্যা: চালক-কন্ডাক্টরের স্বীকারোক্তি
গাজীপুরে যাত্রীকে ফেলে দিয়ে চাকায় পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাসের চালক ও কন্ডাক্টর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার গাজীপুরের আদালতে চালক রোকন উদ্দিন এবং কন্ডাক্টর আনোয়ার হোসেন দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
কন্ডাক্টর আনোয়ার হোসেনকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়
রোকন উদ্দিন (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লতিফপুর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে এবং আনোয়ার হোসেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াবাড়ি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে রোকন উদ্দিনকে এবং রাতে শেরপুর থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গত রোববার ময়মনসিংহ থেকে আলম এশিয়া পরিবহনেরেএকটি বাসে সালাহ উদ্দিন (৩৫) গাজীপুর যাচ্ছিলেন। বাসের ভেতর ভাড়া নিয়ে বচসার জেরে চালকের সহকারী তাকে বাস থেকে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।
নিহত সালাহ উদ্দিন
নিহতের ছোট ভাই জামাল উদ্দিন বাদী হয়ে রোববার রাতে বাসের চালক, সহকারী, কন্ডাক্টার ও মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
জয়দেবপুর থানার এসআই আব্দুর রহমান জানান, সালাহ উদ্দিন হত্যার ঘটনায় জড়িত বাসের অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
