মেঘনায় তলা ফাটল লঞ্চের, যাত্রীদের রক্ষা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে ভোলার লালমোহনগামী এমভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চের তলা ফেটে ভেতরে পানি ঢুকলেও রক্ষা পেয়েছে যাত্রীরা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে লঞ্চটি দ্রুত পাড়ে ভেড়ানোয় যাত্রীরা রক্ষা পান বলে ইনচার্জ (পরিদর্শক) মো. নাছির উদ্দিন জানিয়েছেন।
এতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন। পরে একই কোম্পানির আরেকটি পর একটি লঞ্চ এমভি শ্রীনগর-৮ এসে যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
পুলিশ কর্মকর্তা নাছির বলেন, এমভি শ্রীনগর-২ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশে ছেড়েছিল। পথে চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের তলায় ফাটল দেখা দেয়।
“এসময় দ্রুত লঞ্চের ভেতর পানি ঢুকতে থাকায় লঞ্চটি পাড়ে ভেড়ানো হয়। লঞ্চে থাকা আড়াই শতাধিক যাত্রী নিরাপদে পাড়ে নেমে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।”
রাত ১১টায় অন্য লঞ্চটিতে করে যাত্রীরা লালমোহনের উদ্দেশে রওনা হয় বলে জানান তিনি।
