২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির পাল্টাপাল্টি কমিটি

সারাদেশে দল পুনর্গঠন প্রক্রিয়ায় বগুড়ায় বিএনপির কমিটি গঠনে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 11:15 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

সোমবার দুটি পক্ষ পাল্টাপাল্টি আহবায়ক কমিটি গঠন করেছে।

এনিয়ে দলের দ্বন্দ্ব প্রকাশ্য হয়েছে। দুপক্ষ দুই স্থানে পৃথক সভায় কমিটি গঠন করেছে। দুই সভায়ই দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলের নেতাকর্মীরা জানান, ২০১১ সালের ৭ এপ্রিল বগুড়া জেলা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন চাঁনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তার প্রায় ৫ মাস পর ২০১২ সালের ২২ জানুয়ারি কেন্দ্র থেকে ১৭২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির পুনর্গঠনের জন্য ইতিপূর্বে একাধিকবার উদ্যোগ নিলেও তা ভেস্তে যায়। এরপর সর্বশেষ গত ২ এপ্রিল প্রতিনিধি সভা আহবান করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে জেলা বিএনপির নেতৃবৃন্দকে গত ২৫ এপ্রিল ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের উপস্থিতিতে ওই সভায় জেলা কমিটি ভেঙ্গে দিয়ে ১০ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে শহরের নবাববাড়ি এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকা সাইফুল ইসলাম ওরফে ভিপি সাইফুলকে আহবায়ক এবং জয়নাল আবেদীন চাঁনকে যুগ্ম আহবায়ক করে ৪৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় ভিপি সাইফুল ইসলাম বলেন, “যারা কখনও রাজপথে আন্দোলনে বিশ্বাসী নয়, নির্যাতন সহ্য করেননি, মামলা ও কারাভোগ করেননি শুধু  ঘরে বসে রাজনীতি করতে চান তারা ছাড়াই বাকি সবাই ঐক্যবদ্ধ।”

এই বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ হাফিজুর রহমান, মউদুদ হোসেন আলমগীর পাভেল, সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা যুবদলের সভাপতি সিফার আল বখতিয়ার, নাজমুল হুদা পপন প্রমুখ।

এই কমিটি ঘোষণার পর বিকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আরেকটি কমিটি ঘোষণা দেওয়া হয়। তারেক রহমান বগুড়া এলে এখানে উঠতেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতেন।

বৈঠক শেষে চেয়ারার্সনের উপদেষ্টা মাহবুবর রহমানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের পরামর্শক্রমে সিনিয়রদের নিয়ে আহবায়ক কমিটি গঠন করার কথা কেন্দ্রীয় নেতারা বলেন এবং সারাদেশে কমিটি গঠনের শুরুটা বগুড়া থেকে করতে বলেন।

“শুরুতেই দলের ভাবমূর্তি ও কমিটি গঠন বাধাগ্রস্ত করা হলো। আমাদের কমিটি নয়, একটি আহবায়ক কমিটির জন্য কেন্দ্রে প্রস্তাব মাত্র। কেন্দ্র অনুমতি দিলে হবে। কিন্তু তারা কেন্দ্রের অনুমতি ছাড়াই কমিটি ঘোষণা করেছে যা সংবিধান পরিপন্থি।”

জেলার সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারি তালুকদার বেলালের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও চেয়ার পার্সনের উপদেষ্টা হেলাদুজ্জামান তালুকদার লালু, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, ড্যাব সভাপতি ডা. শাজাহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুর আলম রিগান প্রমুখ।