২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালট ছিনতাই: মুন্সীগঞ্জে তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 04:15 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

কেন্দ্রগুলো হলো- লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্ধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালায় ও ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

এছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে লৌহজং উপজেলার একটি কেন্দ্র থেকে তিন নারীকে আটক করা হয়েছে।

গজারিয়ার ইউএনও হাসান সাদী জানান, বেলা ১টার দিকে লক্ষ্মীপুর প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ব্যালট বই ছিনিয়ে নেওয়া হয়। এর ১৫ মিনিট পরে বৈদ্ধারগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৬৪টি ব্যালট ছিনতাই হয়।

এরপর বেলা দেড়টার দিকে ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি ভাইস চেয়ারম্যান পদের ১৭টি ব্যালেটসহ একটি বই নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।  

চতুর্থ ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এই সহকারি রির্টানিং অফিসার আরও জানান, ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করা হলেও এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আফজাল হোসেন বলেন, “দুর্বৃত্তরা জোর করে ব্যালট ছিনতাই করে নৌকা ও পদ্মফুল মার্কায় সিল মারে।”

পরে ঘটনাটি রির্টানিং অফিসারকে জানালে তিনি ভোট বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে লৌহজং উপজেলার ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার সময় তিন নারীকে আটক করা হয় বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান।

তবে এ উপজেলার বাকি কেন্দ্রগলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে লৌহজং উপজেলা নির্বাহী কাবিরুল ইসলাম জানান।