ব্যালটে জোর করে সিল মারা থেকে পরিত্রাণ চাই: সিইসি
নির্বাচনে অনিয়মকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার ফেনীতে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “জোর করে ব্যালট বাক্সে সিল মারা থেকে পরিত্রাণ চাই, আর আমরা আপোষ করতে পারি না, আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর কোনো ছাড় নয়।”
বিকালে ফেনী সার্কিট হাউজে মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
“ভোট কেন্দ্রে জবর দখল কারা করে? কিছু সংখ্যক লোক। স্বার্থান্বেষী লোকেরা, ক্ষমতাধর লোকেরা এমন কাজ করে। আমি তাদের নাম বলতে চাই না। আমরা সবকিছুই জানি।”
সিএইসি বলেন, “ব্যালট বাক্স ঠিক রাখতে পারি না, ব্যালট পেপার ঠিক রাখতে পারি না, আমরা ক্যান্ডিডেট ঠিক রাখতে পারি না, ভোটারদের আস্থা অর্জন করতে পারি না, আর কত যাব আমরা? আর কোনো ছাড় নয়।
“আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠু ভোট করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”
নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল অংশ না নেওয়ায় মাঠে আমেজ নেই উল্লেখ করে সিইসি বলেন, “তবু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে কমিশন কাজ করে যাচ্ছে; কিন্তু কেন্দ্রে ভোটার না আসলে আমাদের আর কিছু করার নেই।”
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা পি কে এনামুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারীসহ ফেনীতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারাসহ আগের রাতেও সিল মেরে ব্যালট বাক্স ভরতি করার ব্যাপক অভিযোগ রয়েছে। এমন অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নির্বাচনই স্থগিত করেছে নির্বাচন কমিশন।
